এমএলএসে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাকতে যাচ্ছেন কোচ মরিসিও পচেত্তিনো।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচের জন্য দল ঘোষণা করবেন পচেত্তিনো। ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল জানিয়েছেন, কোচের পরিকল্পনায় জোরালোভাবেই আছেন সুলিভান।
বিশ্বকাপ বিরতির পর এমএলএসে ফিরেই দুর্দান্ত ছন্দে দেখা যায় এই মিডফিল্ডারকে। ফিলাডেলফিয়ার হয়ে এ সময়ে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৮ গোল করিয়েছেন তিনি।
তবে কিছুদিন আগে মাঠের বাইরের একটি মন্তব্যের কারণে পচেত্তিনোর নজরেও এসেছিলেন সুলিভান। এক পডকাস্টে তিনি দাবি করেছিলেন, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সুযোগ পেলে যুক্তরাষ্ট্রকে আরও দূর পর্যন্ত নিয়ে যেতে পারতেন। তরুণ এই ফুটবলারের মন্তব্যটি ভালোভাবে নেননি পচেত্তিনো।
তখন যুক্তরাষ্ট্রের কোচ বলেছিলেন, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী খেলোয়াড়দের তিনি পছন্দ করেন। তবে মাঠে এখনও যা অর্জন করা হয়নি, সে বিষয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী মন্তব্য করা উচিত নয় বলেও সতর্ক করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত সেই বিতর্ক পেছনে ফেলে মাঠের পারফরম্যান্স দিয়েই পচেত্তিনোর আস্থা অর্জন করেছেন সুলিভান। আসন্ন ম্যাচগুলোতে অভিষেক হলে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পাবেন তিনি।
২০২৪ সালে ফিলাডেলফিয়ার হয়ে অভিষেকের সময়ই ইতিহাস গড়েছিলেন সুলিভান। উত্তর আমেরিকার বড় পেশাদার ক্রীড়া লিগগুলোর মধ্যে সবচেয়ে কম বয়সে অভিষেক হওয়া খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি।
সুলিভানের ভবিষ্যৎ নিয়েও বড় পরিকল্পনা রয়েছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে তার বিশেষ সমঝোতা রয়েছে, যার আওতায় ১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে তার।