
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকাও।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে ঘরের দর্শকদের সামনে আনুষ্ঠানিক বিদায় জানাতেই ম্যাচটিকে বিশেষ উপলক্ষ হিসেবে সাজিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসিকে উৎসর্গ করা হবে।
বিদায়ী মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হয়েছে। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টালে সেদিন মেসিকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি চলছে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড গড়েছেন তিনি।
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। তবে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ অধ্যায় লেখা হবে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষেই।