কলম্বিয়ার ফুটবলে শেষ হলো এক বর্ণিল অধ্যায়। জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না দেশটির তারকা ফুটবলার হামেস রদ্রিগেস। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৪ বিশ্বকাপের নায়ক।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দলকে বিদায় জানান হামেস। তিনি বলেন, বহু বছর, অসংখ্য ম্যাচ, আনন্দ ও কঠিন সময় পেরিয়ে কলম্বিয়ার জাতীয় দলের সঙ্গে তার যাত্রা শেষ করার সময় এসেছে।
মাত্র ১৯ বছর বয়সে ২০১১ সালে কলম্বিয়া জাতীয় দলে অভিষেক হয় হামেসের। বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই শেষ মুহূর্তে গোল করে দলকে জয় এনে দেন তিনি। এরপর ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০১৪ বিশ্বকাপে তারকাখ্যাতি
হামেসের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। সেই আসরে দুর্দান্ত পারফরম্যান্সে কলম্বিয়াকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। পাঁচ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। জায়গা করে নিয়েছিলেন টুর্নামেন্টের সেরা একাদশেও।
উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় হামেসের করা চোখধাঁধানো ভলি গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। গোলটি পরে ফিফা পুসকাস অ্যাওয়ার্ডও জেতে।
বিশ্বকাপের সেই পারফরম্যান্সের পর মোনাকো থেকে তাকে দলে ভেড়ায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
দেশের হয়ে রেকর্ডের পর রেকর্ড
কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন হামেস—যা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ। তার নামের পাশে রয়েছে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট। অ্যাসিস্টের সংখ্যায় তিনি কলম্বিয়ার ইতিহাসে সবার ওপরে।
২০১৮ ও ২০২৬ বিশ্বকাপেও কলম্বিয়ার হয়ে খেলেছেন তিনি। ২০২২ বিশ্বকাপে অবশ্য কলম্বিয়া জায়গা করে নিতে পারেনি। ২০২৪ কোপা আমেরিকায় তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল দলটি। তবে শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে যায় কলম্বিয়া।
বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হারের ম্যাচটিই এখন হামেসের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে থাকছে।
‘এই জার্সি গায়ে চাপানো ছিল একটি স্বপ্ন’
বিদায়বার্তায় জাতীয় দলের জার্সিকে নিজের স্বপ্ন ও দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন হামেস। পরিবার, সতীর্থ এবং লাখো কলম্বিয়াবাসীর জন্য মাঠে খেলার কথা স্মরণ করে তিনি বলেন, ১০ নম্বর জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মান তার ক্যারিয়ারের বিশেষ অর্জন।
হামেস আরও জানান, ভালো সময়ের পাশাপাশি কঠিন সময়ও গেছে, কিন্তু কলম্বিয়ার জার্সির জন্য গর্ববোধ করা কখনো থামাননি। নিজের সর্বস্ব দিয়ে জাতীয় দলের হয়ে খেলার পর এবার শান্তভাবেই বিদায় নিতে চান তিনি।
ক্লাব ক্যারিয়ারেও চলছে নতুন অধ্যায়
পোর্তো, মোনাকো, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের মতো ক্লাবে খেলেছেন হামেস। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাব ক্যারিয়ারে ছিল বেশ কিছু পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা ইউনাইটেড ছেড়ে কিছুদিন আগে নিজের দেশ কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি। ২০২০ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সাত মৌসুমে এটি তার অষ্টম ক্লাব।
জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবলে আপাতত নতুন অধ্যায়েই এগিয়ে যাচ্ছেন ২০১৪ বিশ্বকাপের সেই নায়ক।