আর্জেন্টাইন তরুণ ডিফেন্ডার লিওনার্দো বালের্দিকে নিয়ে বড়সড় প্রশংসা করেছেন এএস রোমার কোচ জান পিয়েরো গ্যাসপেরিনি। তোরিনোর বিপক্ষে রোমার জয়ের পর বালের্দির খেলার ধরনকে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। গ্যাসপেরিনির এমন মন্তব্যে বালের্দিকে ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
তোরিনোর বিপক্ষে রোমার হয়ে প্রথম ম্যাচেই নজর কাড়েন বালের্দি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে গ্যাসপেরিনি বলেন, বালের্দি একজন ‘অত্যন্ত গতিশীল ও আধুনিক ডিফেন্ডার’।
তবে এতেই থামেননি রোমা কোচ। বালের্দির রক্ষণ সামলানোর দক্ষতা, মাঠে তার গতিশীলতা এবং বিল্ডআপে অংশ নেওয়ার ধরন তাকে ফ্রাঙ্কো বারেসির কথা মনে করিয়ে দেয় বলে জানান গ্যাসপেরিনি।
তিনি বলেন, বড় তারকাদের সঙ্গে তুলনা করতে তিনি সাধারণত চান না। তবে বালের্দির খেলার বৈশিষ্ট্য তাকে বারেসির কথা মনে করিয়ে দেয়।
ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াতে বড় তারকাদের সঙ্গে তুলনা করার ইতিহাস গ্যাসপেরিনির নতুন নয়। আটালান্টায় থাকাকালে রবার্তো গালিয়ার্দিনির দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে ফরাসি তারকা পল পগবার সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এমনকি গালিয়ার্দিনিকে বলেছিলেন ‘সাদা পগবা’। সেই মন্তব্য তখন ইতালিয়ান ফুটবলে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
রোমায় থাকাকালেও একই কৌশল অব্যাহত রেখেছেন গ্যাসপেরিনি। ডাচ ফরোয়ার্ড ডোনিয়েল মালেনকে তিনি জিয়ানলুকা ভিয়াল্লি ও গঞ্জালো হিগুয়েনের মতো স্ট্রাইকারদের সঙ্গে তুলনা করেছেন।
এ ছাড়া স্যাম ল্যামার্সের মধ্যে ডাচ কিংবদন্তি মার্কো ভ্যান বাস্টেনের খেলার ধরন এবং ডি কেটেলারের মধ্যে জোসিপ ইলিচিচের ছায়া দেখেছেন বলেও জানিয়েছিলেন তিনি।
তবে গ্যাসপেরিনি মনে করেন, এসব তুলনার উদ্দেশ্য কোনো খেলোয়াড়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা নয়। বরং ফুটবলারের খেলার ধরন ও বিশেষ বৈশিষ্ট্য বোঝাতেই তিনি কিংবদন্তি খেলোয়াড়দের উদাহরণ হিসেবে সামনে আনেন।
বালের্দির ক্ষেত্রে বারেসির মতো একজন কিংবদন্তির নাম উচ্চারণ করায় এখন স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ডিফেন্ডারকে ঘিরে প্রত্যাশা আরও বাড়ছে। সময়ই বলে দেবে, গ্যাসপেরিনির এই তুলনা কতটা বাস্তব হয়ে ওঠে।