প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র পাঁচ মিনিট আলোচনার সুযোগ পেলেই দেশে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে সমাধান করা সম্ভব বলে দাবি করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ দিলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না, ইনশা আল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি এ দাবি করেন।
মোখলেছুর রহমানের ভাষ্য, সার সংকট সমাধানে নতুন করে ডিলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই। বর্তমান ডিলারদের বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই কৃষকদের মধ্যে সুষমভাবে সার বিতরণের মাধ্যমে সংকট দূর করা সম্ভব।
তিনি আরও দাবি করেন, এ জন্য ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তারও প্রয়োজন হবে না। বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে তিনি এর কার্যকর সংস্কারের দাবি জানান।
নিজের প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হলে সরকার তাঁকে ‘ফাঁসি’ দিতে পারে—এমন কঠোর চ্যালেঞ্জও দেন সাবেক এই চেয়ারম্যান।
এদিকে কোনো গণমাধ্যম তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারলে ওই গণমাধ্যমের স্বত্বাধিকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন মোখলেছুর রহমান।
তবে ডিলারের সংখ্যা, বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখে কীভাবে সার সংকট দূর করা সম্ভব—সে বিষয়ে এখনো কোনো লিখিত বা বিস্তারিত কাঠামো প্রকাশ করেননি তিনি।
এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রকাশের বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টনের কাঠামো তিনি শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই উপস্থাপন করতে চান। অন্য কারও কাছে এ প্রস্তাব প্রকাশ করতে চান না বলে জানান তিনি।
উল্লেখ্য, দেশে সার বিতরণ ও বিক্রির বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষকদের মধ্যে নানা আলোচনা রয়েছে। এ অবস্থায় সার বিতরণ ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে নিজের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আগ্রহ প্রকাশ করলেন মোখলেছুর রহমান।