বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করে নওগাঁর ধামইরহাট উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।
‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলু খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামা মাহমুদা খানম এবং ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) রাজু উলিয়াম রোজারিও।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ রেজওয়ান হোসেন, ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, কিশোর-কিশোরী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে পরিবার, সমাজ, প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর ধারাবাহিকতা ও সাফল্য ধরে রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশুদের জন্য নিরাপদ, শিশুবান্ধব এবং মৌলিক অধিকার সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।