বাগেরহাটের মোংলায় দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ৩৮১ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, ছাতা, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, পানির বোতল ও টিফিন বক্স তুলে দেওয়া হয়। একই বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান জনি এবং অভিভাবক সদস্য বিধান গাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, দেশের বিদ্যুৎ চাহিদার ৮ থেকে ১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এ কেন্দ্রটি।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মোংলা-রামপাল এলাকার আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে কেন্দ্র কর্তৃপক্ষ। শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্যসেবা, সুপেয় পানির প্রকল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, বৃক্ষরোপণ কর্মসূচিতেও প্রতিষ্ঠানটি কাজ করছে। স্থানীয় এলাকায় এক লাখ গাছের চারা বিতরণ ও সেগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।