‘সারা বিশ্বের নরসুন্দর সমাজের ঐক্য, সম্মান ও অধিকার প্রতিষ্ঠা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব নরসুন্দর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ নরসুন্দর সেলুন কল্যাণ ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ মিছিল বের করা হয়। পৌর শহরের পাঠাগার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের কার্যালয়ে বিশ্ব নরসুন্দর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নরসুন্দর সেলুন কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কোষাধ্যক্ষ ও রংপুর বিভাগীয় প্রধান এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি কেশব শর্মা।
সভায় বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি জগদীশ শর্মা, সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শর্মা, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু শীল, প্রচার সম্পাদক অভিনাশ চন্দ্র শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নরসুন্দরদের পেশাগত মর্যাদা, অধিকার ও সামাজিক সম্মান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাজীবীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নরসুন্দররা দীর্ঘদিন ধরে মানুষের দৈনন্দিন সেবার সঙ্গে যুক্ত থাকলেও তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।