গাজীপুরের শ্রীপুরে একটি স্বাস্থ্যকেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো কেন্দ্র তালাবদ্ধ পান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গেট না খোলায় এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অধ্যাপক ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও।
স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশের পর কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাওয়া যায়নি বলে জানান সংসদ সদস্য। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প করতে দেখা যায় বলেও তিনি জানান।
পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রের গেটে থাকা তালায় মরিচা ধরে গেছে। দেখে মনে হয়েছে, দীর্ঘদিন ধরে তালাটি ব্যবহার করা হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন।
তিনি আরও বলেন, সেখানে চিকিৎসক, মেডিক্যাল অফিসার বা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী পাওয়া যায়নি। কয়েকজন কর্মচারীকে ভেতরে বসে আড্ডা দিতে দেখা গেছে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এসব মানুষকে চিকিৎসার জন্য উপজেলা বা জেলা শহরে যেতে হলে নানা সমস্যায় পড়তে হয়।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে।
এদিকে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন কাছে ছিল না—এ বিষয়ে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন বলেন, ভুলবশত চাবিটি বাসায় রেখে এসেছিলেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মরত নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে বৈঠক করেন। এমপি হঠাৎ পরিদর্শনে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।