দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ জন। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এমন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৫ জনের। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩২।
হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি
স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এ সময়ে সারাদেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনের। আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ১২৪ জনের।
দেশের এই হাম পরিস্থিতি ইতোমধ্যে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশে চলমান প্রাদুর্ভাবকে বিশ্বের সবচেয়ে বড় হাম প্রাদুর্ভাব হিসেবে উল্লেখ করা হয়েছে; টিকাদানের ঘাটতি ও হাসপাতালগুলোর ওপর বাড়তি চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।