দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৭৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮২ জন। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই মারা গেছেন ৬০ জন।
এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৭০১ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগও বাড়ছে।