হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। পরিদর্শনের সময় হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী এবং চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজ নেন।
এ সময় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি। রোগী ও স্বজনদের কয়েকজন অভিযোগ করেন, প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি নার্সদের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তাদের অভিযোগ শোনার পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সেবাব্যবস্থায় কোনো অনিয়ম বা অবহেলা থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে মুগদা জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা ও ব্যবস্থাপনার বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। বিশেষ করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের প্রস্তুতি ও রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে হাম প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
স্বাস্থ্যসেবা খাতের পরিচ্ছন্নতা নিয়েও নতুন কর্মসূচির কথা জানান তিনি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।