দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
নতুন রোগীদের মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই নয়, ঢাকার বাইরের বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মশাবাহিত এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন করে ৯ জনের মৃত্যুর পর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট এক দিনে ডেঙ্গুতে পাঁচজন করে মারা যান। আর ১ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, সেপ্টেম্বরের শুরুতেই ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর হার দুটিই ঊর্ধ্বমুখী। এক দিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তি—দুই ক্ষেত্রেই নতুন রেকর্ড হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।