
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চিকিৎসাসেবার পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিস্থিতি এবং পরিচ্ছন্নতার বিষয়েও খোঁজ নেন তিনি।
একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটির অপরিচ্ছন্ন অবস্থাও তাঁর নজরে আসে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং রোগীদের সেবায় চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।