দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই দুই হিসাব যোগ করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৩৫২ জন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনে। তাঁদের মধ্যে ২৬ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।