ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অধীনে একটি বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় এ উদ্যোগ বাস্তবায়ন করতে চান তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিএমইউর মিলন হলে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বার্ডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস’ শীর্ষক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৮টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) সমন্বিত ‘ইমপ্যাক্ট রিভিউ মিশন’-এর বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, এ মিশনের মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও দক্ষ জনবলের সক্ষমতা এবং ঘাটতি মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মূল্যায়ন দেশের ক্যান্সার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বিএমইউতে ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত ক্যান্সার বিভাগ, অভিজ্ঞ শিক্ষক, চিকিৎসক ও গবেষক রয়েছেন। পাশাপাশি উচ্চতর চিকিৎসাশিক্ষার সুযোগও রয়েছে। এসব সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আধুনিক ও বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী তাঁরা।
অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার বলেন, “আমরা বিএমইউর অধীনে একটি বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চাই। আশা করি, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ।”
প্রস্তাবিত ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে ক্যান্সারবিষয়ক উচ্চতর শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বহুবিভাগীয় চিকিৎসা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়। এতে জাতীয় পর্যায়ে ক্যান্সার গবেষণা ও চিকিৎসাসেবায় বিএমইউর অবদান আরও সুসংহত করার সুযোগ তৈরি হবে।
মাথা ও গলার ক্যান্সারের আধুনিক চিকিৎসা
সেমিনারের প্রথম বৈজ্ঞানিক অধিবেশনে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার টুডে: বার্ডেন, ট্রেন্ডস অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর অটোল্যারিঙ্গোলজি–হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের হেড-নেক সার্জারি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার।
তিনি মাথা ও গলার ক্যান্সারের বর্তমান পরিস্থিতি, রোগের ক্রমবর্ধমান বোঝা, পরিবর্তিত প্রবণতা এবং আধুনিক চিকিৎসাকৌশল নিয়ে আলোচনা করেন। এ ধরনের ক্যান্সারের চিকিৎসায় সময়মতো রোগ নির্ণয়, রোগের সঠিক পর্যায় নির্ধারণ এবং উপযুক্ত চিকিৎসাপদ্ধতি নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অস্ত্রোপচারের বাইরেও চিকিৎসার অগ্রগতি
দ্বিতীয় বৈজ্ঞানিক অধিবেশনে ‘হেড অ্যান্ড নেক ক্যান্সার আপডেট: অ্যাডভান্সেস বিয়ন্ড সার্জারি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।
তিনি বলেন, মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আধুনিক চিকিৎসা এখন আর শুধু অস্ত্রোপচারের মধ্যে সীমাবদ্ধ নেই। রোগের ধরন, পর্যায়, বায়োমার্কার, রোগীর শারীরিক অবস্থা ও চিকিৎসার লক্ষ্য বিবেচনায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির সমন্বয়ে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে।
আধুনিক রেডিওথেরাপির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ইন্টেনসিটি মডুলেটেড রেডিওথেরাপি (আইএমআরটি), ইমেজ গাইডেড রেডিওথেরাপি (আইজিআরটি) এবং অন্যান্য উন্নত প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত স্থানে আরও নির্ভুলভাবে রেডিয়েশন প্রয়োগ করা সম্ভব হচ্ছে। এতে আশপাশের গুরুত্বপূর্ণ স্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি কমিয়ে চিকিৎসার মান উন্নত করার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্লিনিক্যাল ট্রায়াল, বিশেষ করে ‘কিনোট-৬৮৯’-এর ফলাফল নির্বাচিত মাথা ও গলার ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে ও পরে ইমিউনোথেরাপি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে পুনরাবৃত্ত বা শরীরের অন্যত্র ছড়িয়ে পড়া ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপি ও অন্যান্য আধুনিক ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অধ্যাপক আকরাম হোসেন বলেন, ক্যান্সার চিকিৎসার সফলতা শুধু রোগ নিয়ন্ত্রণ বা রোগীর আয়ু বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। রোগীর জীবনমান বজায় রাখা, কথা বলা, খাবার গ্রহণ, গিলতে পারা এবং দৈনন্দিন স্বাভাবিক কার্যক্ষমতা যথাসম্ভব সংরক্ষণ করাও চিকিৎসার গুরুত্বপূর্ণ লক্ষ্য।
তিনি বলেন, মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় সার্জন, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্টসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে বহুবিভাগীয় টিউমার বোর্ডের মাধ্যমে রোগীভিত্তিক চিকিৎসা পরিকল্পনা করা জরুরি।
বাংলাদেশের প্রেক্ষাপটে আধুনিক ক্যান্সার চিকিৎসার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নত রেডিওথেরাপি প্রযুক্তি, দক্ষ জনবল, চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, ক্লিনিক্যাল গবেষণা এবং প্রমাণভিত্তিক জাতীয় ক্যান্সার চিকিৎসা নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যান্সার ও সহায়ক বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে চিকিৎসাসেবা, উচ্চতর শিক্ষা ও গবেষণায় আরও কার্যকর অবদান রাখা সম্ভব বলে মন্তব্য করেন অধ্যাপক আকরাম হোসেন।
সেমিনারে মাথা ও গলার ক্যান্সারের চিকিৎসায় সার্জিক্যাল অনকোলজি, ক্লিনিক্যাল অনকোলজি, রেডিওলজি, প্যাথলজি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের সমন্বিত অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সেমিনার সাব-কমিটির সদস্যসচিব ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।
আয়োজকদের আশা, এ ধরনের বৈজ্ঞানিক আয়োজন চিকিৎসকদের মধ্যে সর্বশেষ গবেষণালব্ধ জ্ঞান বিনিময়, বহুবিভাগীয় সহযোগিতা এবং প্রমাণভিত্তিক ক্যান্সার চিকিৎসার প্রসারে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিএমইউর অধীনে বিশেষায়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা বাড়বে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে ভবিষ্যতে সহায়ক হতে পারে।