দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) সর্বোচ্চ ৩২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।