দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। অন্যদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯২ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন এবং কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৮৬ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ এবং নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯২ জন।
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯২৬ জনে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।