দেশে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি আরও অবনতি হয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ কিংবা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রোগীর চাপ বাড়ার আশঙ্কায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় বেড, স্যালাইন ও পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে।
আলোচনা সভায় ডেঙ্গুর পাশাপাশি দেশের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তাঁর মতে, মানসিক স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।
তিনি বলেন, বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় সামাজিক কারণে আড়াল করার চেষ্টা করা হয়। আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।