দেশে ডেঙ্গু ও হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই রোগে নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ২ হাজার ৩২৫ জনের শরীরে।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ সময়ে মারা গেছেন চারজন।
নতুন চার মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৪৬ জন।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ রবিবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৯৭ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৯৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে মোট ১৯ হাজার ৩১২ জনের। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
একদিকে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা একদিনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে হামের উপসর্গে বাড়ছে মৃত্যু—দুই রোগের সাম্প্রতিক পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।