দেশে হামের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫১ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭১ জন।
এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৯ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের একই হালনাগাদ প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আগের দিনের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।