দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নানিয়াটিকর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিরিরবন্দর থানার একটি দল নানিয়াটিকর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সংরক্ষণ ও সেবনের অভিযোগে দুলাল চন্দ্র রায় (৪০) ও জিতু কুমার রায় (৩৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দুজনের প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুলাল চন্দ্র রায় নানিয়াটিকর এলাকার রমণীকান্ত রায়ের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত জিতু কুমার রায় একই এলাকার কোণপাড়ার মৃত হরেন্দ্রনাথ রায়ের ছেলে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।