রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নতুন করে দলটির আরও ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গুলশানের মিছিলকে কেন্দ্র করে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলের সঙ্গে সংশ্লিষ্টদের আটক করে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর গুলশানের ওই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে আরও ৩২ জন গ্রেপ্তার হন। সব মিলিয়ে দুই দিনে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।