ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এর পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিলিফ ট্রেন পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। তবে সেটি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।
লাইনচ্যুতির কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।