সরকারি ছুটির দিনে রাতে উপজেলা ভূমি কার্যালয়ে গৃহকর্মী ও অফিস সহায়ককে রেখে সরকারি গাড়ি ব্যবহার করে ঘুরতে যাওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে। একই সঙ্গে অফিস চলাকালীন ও ছুটির দিনে কার্যালয়ে রাতভর আড্ডা ও খাবারের আয়োজন করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে কয়েকজনকে খাবার খেতে ও গল্পগুজব করতে দেখা যায়। এসিল্যান্ডের অফিসকক্ষের পাশের একটি কক্ষে তাদের অবস্থান করতে দেখা যায়।
সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা সাংবাদিকদের বলেন, আপনাদের কিছু জানার থাকলে স্যারের কাছে জিজ্ঞেস করেন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই সময় কার্যালয়ে থাকা ব্যক্তিদের মধ্যে এসিল্যান্ডের গৃহকর্মী ও একজন অফিস সহায়ক ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় এসিল্যান্ড শাওলিন নাহার সরকারি গাড়ি ব্যবহার করে তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে বাইরে ঘুরতে যান।
স্থানীয়দের অভিযোগ, শুধু ছুটির দিনেই নয়, নিয়মিত অফিস সময় শেষ হওয়ার পরও রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভূমি কার্যালয়ে আড্ডা ও খাবারের আয়োজন চলে।
একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এভাবে বহিরাগতদের অবাধ যাতায়াত ও রাতভর আড্ডার অভিযোগে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড শাওলিন নাহারের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, উপজেলা ভূমি অফিস সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে সবার ঘোরাঘুরি করার সুযোগ নেই। বিষয়টি আমি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এর আগেও এসিল্যান্ড শাওলিন নাহারের বিরুদ্ধে গৃহকর্মী দিয়ে সরকারি কার্যালয়ে গৃহস্থালি কাজ করানোর অভিযোগ উঠেছিল। তাদের দাবি, আগের অভিযোগের সময়ই যথাযথ ব্যবস্থা নেওয়া হলে পরবর্তী সময়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।