কুয়ালালামপুরের বহুল পরিচিত ‘বাংলা মার্কেট’ কোতারায়ায় বড় ধরনের অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববারের এ অভিযানে আড়াই হাজারের বেশি বিদেশিকে তল্লাশি করা হয়। পরে বিভিন্ন অভিযোগে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় সময় রবিবার (১৩ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, অভিযানে আটক ৪৭২ জনের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তাঁদের মধ্যে বাংলাদেশি ৩৬৪ জন। এ ছাড়া মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাঁদের অনেকের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি থাকলেও অভিযানে তল্লাশি চালানো আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, আটক ব্যক্তিদের যথাযথ তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন অভিযানে একসঙ্গে ৩৬৪ বাংলাদেশি আটকের ঘটনায় দেশটিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস