ডেঙ্গুর মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ২৮টি মামলা করেছে সংস্থাটি। এসব মামলায় মোট ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসিসি জানায়, আগামী তিন মাসের মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হবে। অভিযানে বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী মামলা ও জরিমানা করা হচ্ছে।
অভিযানগুলো পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলাম।
ডিএনসিসি জানিয়েছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী তিন মাসের কর্মসূচির আওতায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এই কর্মসূচিতে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং ও ছাদবাগান পরিদর্শন করবেন। পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিং, নোভালিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হবে।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নাগরিকদের সচেতনতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।