হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। ফ্লাইটটি ওই দিন রাত পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন সম্পন্ন করে যাত্রীরা ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন কয়েকজন যাত্রীর গতিবিধির ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে তাদের ব্যাগেজে একে একে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় আজমুল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
সব মিলিয়ে সাত যাত্রীর ব্যাগ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে এনবিআর।