রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করা পরিবহন শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন। ফলে প্রায় দুই ঘণ্টার অচলাবস্থা কাটিয়ে মহাখালীতে আবারও যান চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পরিবহন শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় মহাখালী ও আশপাশের এলাকায় এখনো তীব্র যানজট ও গাড়ির চাপ রয়েছে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুন্তাজুল ইসলাম জানান, পুলিশ পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করে।
পরে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ফের শুরু হয়।
তিনি বলেন, যান চলাচল শুরু হলেও দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে।
এর আগে বিকেলে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে পুলিশ বাস ডাম্পিং করেছিল। এর প্রতিবাদেই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
বর্তমানে যান চলাচল শুরু হলেও সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় মহাখালী ও আশপাশের এলাকায় যানজট রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে।