রাজধানীর আদাবরে একটি কালো ব্যাগ খুলতেই বেরিয়ে এলো নারীর হাত ও মাথা! পরে খালপাড়ের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে মরদেহের আরও দুই অংশ। সব মিলিয়ে ওই নারীর চারটি খণ্ডিত অংশ পাওয়া গেলেও এখনো সন্ধান মেলেনি তাঁর দুই পায়ের।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত কয়েকজন স্থানীয় ব্যাগটি টান দিলে ভেতর থেকে প্রথমে একটি হাত বেরিয়ে আসে। এরপর গড়িয়ে পড়ে একটি মাথা। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় আদাবর থানা পুলিশ। পরে ব্যাগ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে খালের ময়লার মধ্য থেকে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নারীর মরদেহের চারটি অংশ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর দুই পা এখনো পাওয়া যায়নি। খাল ও আশপাশের এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি কীভাবে ওই নারীকে হত্যা করা হয়েছে এবং মরদেহ কে বা কারা খণ্ডিত করে সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।