নেত্রকোনার মদনে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলারঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ট্রলারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মদন পৌরসভার সুরুজ্জামানের সঙ্গে মাঘান গ্রামের তামান্নার বিয়ে হয়। বিয়ের পর বরযাত্রীদের সঙ্গে ট্রলারঘাটে পৌঁছান রিনা আক্তার। এ সময় ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে তার বোরকা ও চুল পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।