
গাজীপুর সদর উপজেলার একটি শিল্পপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতির বিষয়টি কর্তব্যরত আনসার পিসি মো. মামুন গাজীকে জানান। পরে এপিসি আনাম হোসেনসহ আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে মোকলেসকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকলেস জানান, তিনি ভবনের পেছনের অংশের গ্রিল কেটে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে বৈদ্যুতিক তার কাটার সময় তাকে আটক করা হয়।
আনসার সদস্যরা জানান, প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের মোটা তামার বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়েছে।
আটক মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জয়দেবপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।