
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করেছেন আনসার ও ভিডিপির সদস্যরা। খালটি পরিষ্কারের পর পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাদার বিল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, কপোতাক্ষ নদের পাশের এ এলাকায় চলতি মৌসুমে বিপুল পরিমাণ জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে খালের সরু মুখ দিয়ে পানি দ্রুত নিষ্কাশন হচ্ছিল না। এর মধ্যে খালে কলমি শাক, কচুরিপানা, শ্যাওলা, ঘাস ও ময়লা-আবর্জনা জমে পানি চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এতে ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি বিবেচনায় ২ নম্বর সাগরদাঁড়ী ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার ও স্থানীয় দলনেতা মো. ইয়াছিন আলীর উদ্যোগে সদস্যরা খালে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। স্বেচ্ছাশ্রমে দীর্ঘ প্রায় ৫০০ ফুট অংশের জলজ আগাছা ও আবর্জনা সরিয়ে পানি চলাচলের পথ সচল করা হয়।
খাল পরিষ্কারের পর পানি দ্রুত নিষ্কাশিত হওয়ায় আমন ধানের জমিতে জলাবদ্ধতার ঝুঁকি অনেকটাই কমেছে। এতে কৃষকদের সম্ভাব্য ফসলহানির আশঙ্কাও দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ কাজে কৃষিবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেন সাগরদাঁড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূর ইসলাম।
আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, জনদুর্ভোগ কমানো, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাহিনীর সদস্যরা ভূমিকা রাখছেন।