দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সুবর্ণচরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়।
এর আগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সুবর্ণচরের চরজব্বার থানার মোড়, সুবর্ণচর প্রেসক্লাব প্রাঙ্গণ ও হারিছ চৌধুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, বাজার কমিটির সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
অভিযানে অংশ নেওয়া উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি মোহাম্মদ আব্দুল বারী বাবলু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়িঘর, রাস্তা, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন, মশার বংশবিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।