দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই’: বগুড়ায় জামায়াত আমির

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই’—এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

2026-09-12T16:32:32+00:00
2026-09-12T16:32:32+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই’: বগুড়ায় জামায়াত আমির
বগুড়া সংবাদদাতা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
শনিবার বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে ব্রিফিং করেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‘দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই’—এমন মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে বিরোধী দলকে চৌকিদার ও ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হয়। দেশের যেখানেই অসংগতি দেখা যাবে, সেখানেই তারা কথা বলবেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। পরে তিনি হোটেল মমইন কনভেনশন সেন্টারে জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন।

জামায়াত আমির বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি। সংসদের ভেতরে বারবার কথা বলেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘স্বৈরাচার ফিরে আসবে’—এমন কথা বলে তাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সময়ের পর জনগণ দেশের আমূল সংস্কার চেয়েছিলেন। কিন্তু সরকার ক্ষমতায় এসে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। গণভোটের রায়ও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের শিল্পায়নের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, একসময় আদমজী জুট মিলকে বিশ্বের বৃহত্তম পাটশিল্প প্রতিষ্ঠান বলা হতো। এখন তার নাম-নিশানা নেই। সেখানে শিল্পপার্ক করা হয়েছে। তিনি বলেন, ‘এজন্য পাকিস্তানি বেনিয়া ব্যবসায়ীদের পক্ষ নিচ্ছি না, মানসিকতা ও বাস্তবতার উদাহরণ দিচ্ছি।’

তিনি আরও বলেন, দেশে কিছু শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প খাতে মারাত্মক সংকট তৈরি হয়েছে।

লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, সরকার কথা বলার সুযোগ দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। তেল সংকটের মধ্যে এত গাড়ি নিয়ে লংমার্চ করার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চ না হলেও এসব গাড়ি বসে থাকত না; প্রতিদিনের মতোই সড়কে চলাচল করত।

তিনি বলেন, লংমার্চের মাধ্যমে জনগণের দাবি আদায়ের আন্দোলন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, একদিন জনগণের দাবি পূরণ হবেই।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। সাংবাদিকদের কাছ থেকে তারা বরাবরই সহযোগিতা পেয়েছেন। কেউ কেউ তাদের বক্তব্য কাটছাঁট করে প্রচার করলেও গণমাধ্যমের প্রতি তারা শ্রদ্ধাশীল। সুন্দর দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এদিন জামায়াত আমির বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল মরিচতলা গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় মাদ্রাসা মাঠে এ সময় হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশের সৃষ্টি হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বগুড়া শহরে ফেরেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: