বিশ্বশান্তি ও মানবকল্যাণে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, মহানবী (সা.) সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তাঁর জীবনের প্রতিটি দিক মানবজাতির জন্য অনুসরণীয়। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং মহানবী (সা.)-এর সীরাত অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণ জীবনযাপন সম্ভব।
তিনি আরও বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, মহানবী (সা.)-এর জীবনচরিত মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। শুধু আলোচনা নয়, তাঁর শিক্ষা বাস্তব জীবনেও প্রয়োগ করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীও মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে কেরাত, হামদ, নাতে রাসুল ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়া শিক্ষার্থীকে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং অন্য ১১ বিজয়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।