বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে তিনি উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স ও মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এবং ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে (NSI) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বর্ণাঢ্য সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ষষ্ঠ ভাইস-চ্যান্সেলর হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী।