আধুনিক জিমনেসিয়াম নির্মাণ, কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন চালু রাখা, লাইব্রেরির পাশে নামাজের স্থান নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় স্কুল প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
ছাত্রদলের চার দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম স্থাপন, কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন খোলা রাখা, লাইব্রেরি সংলগ্ন নামাজের স্থান নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে একটি স্কুল প্রতিষ্ঠা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, সাংগঠনিক সম্পাদক মো. অলিভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্যাম্পাসে আধুনিক জিমনেসিয়াম প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন চালু রাখা এবং সেখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শিক্ষার্থীদের জন্য নামাজের উপযুক্ত স্থান নির্ধারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শিক্ষার কথা বিবেচনা করে একটি স্কুল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ কামনা করেন তিনি।