বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় রংপুরের কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিবন্ধিত শিক্ষার্থীদের নাশতার ব্যবস্থা থাকবে। এরপর বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে নবীনদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর জন্য আল-কুরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বইসহ বিভিন্ন উপহার দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। অংশগ্রহণকারীদের যাতায়াতের ব্যবস্থাও থাকবে।
ক্যাম্পাসের বাইরে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বেরোবি শিবির সভাপতি মুরাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে জায়গার সংকট ও নিজস্ব অডিটোরিয়াম না থাকায় বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের জন্য রূপকথা থিম পার্ককে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়াজনিত ঝুঁকির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
ক্যারিয়ার গাইডলাইন সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম উপস্থিত থাকবেন বলে জানান মুরাদ হোসেন। অন্যান্য অতিথির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহারের পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে আলাদা উপহারের ব্যবস্থাও থাকবে।
আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব নবীন শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিতে পারবেন। এজন্য নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে।