ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়ে একের পর এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। কখনো তাঁর অভিনয় নিয়ে বিদেশিদের আগ্রহ, আবার কখনো বাংলাদেশের পোশাকের প্রশংসা—সব মিলিয়ে এবারের ভেনিস সফর তাঁর কাছে হয়ে উঠেছে বিশেষ স্মরণীয়। তবে ভেনিস বিমানবন্দরে পৌঁছে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, সেটিই সবচেয়ে বেশি অবাক করেছে তাঁকে।
গত ৫ আগস্ট ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিন ছিল তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে বিমানবন্দরে বসে কফি ও অন্যান্য খাবার গ্রহণের পর বিল দিতে গিয়ে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
বিল নিলেন না, কারণ জানতেই অবাক সুনেরাহ্
বিমানবন্দরের দোকানে বিল পরিশোধ করতে গিয়ে সুনেরাহ্ দেখেন, কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, সেখানে কর্মরত একজন বাংলাদেশি তাঁকে চিনেছেন।
সুনেরাহ্ জানান, ওই ব্যক্তি তাঁর অভিনীত নাটক ও সিনেমা দেখেছেন। বাংলাদেশি পরিচয় দেওয়ার পর তিনি সুনেরাহ্কে বলেন, বিল না নিলেই তিনি খুশি হবেন।
ঘটনাটি স্মরণ করে সুনেরাহ্ বলেন, ‘আমি তো অবাক, কেন লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, আমি আপনাকে চিনি। আমি আপনার অভিনীত নাটক, সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এ বিলটা আপনি না দিলেই খুশি হব।’
এই ঘটনায় নিজেকে সম্মানিত ও অভিভূত বোধ করেছেন বলে জানান অভিনেত্রী।
বাংলাদেশের পোশাকেও মুগ্ধ বিদেশিরা
ভেনিস উৎসবে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল সিনেমার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকেও তুলে ধরা। সেই ভাবনা থেকেই নিজের পোশাকের পরিকল্পনা করেছিলেন সুনেরাহ্। তাঁর পরনের সব পোশাকই তৈরি করা হয়েছে বাংলাদেশে।
উৎসবে তাঁর পোশাক দেখে বিদেশিদের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। পোশাকের ডিজাইন কোথায় তৈরি হয়েছে, তা জানতে চেয়েছেন অনেকে। এমনকি বাংলাদেশের তৈরি—এ কথা বলার পরও অনেকেই বিশ্বাস করতে চাননি।
সুনেরাহ্ বলেন, দেশের তৈরি পোশাক নিয়ে বিদেশিদের প্রশংসা তাঁর কাছে অত্যন্ত সম্মানের।
অভিনয় নিয়েও পেয়েছেন প্রশংসা
এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সিনেমার জন্যও ঐতিহাসিক। প্রথমবারের মতো উৎসবটির প্রতিযোগিতামূলক বিভাগ অরিজোন্তিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৬ সেপ্টেম্বর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্। পর্দায় তাঁর উপস্থিতি তুলনামূলকভাবে কম হলেও চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটেছে বলে জানান তিনি।
প্রিমিয়ারের পর অনেক দর্শক তাঁর চরিত্রের কথা উল্লেখ করে প্রশংসা করেছেন। এমনকি বাংলাদেশের সিনেমা সম্পর্কে আগ্রহ দেখিয়ে আরও চলচ্চিত্র দেখতে চান বলেও জানিয়েছেন অনেকে।
বিমানবন্দরেও মিলেছে বিশেষ সম্মান
ভেনিসের পর পোল্যান্ডে গিয়েও ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন সুনেরাহ্। বিমানবন্দরের কর্মকর্তারা জানতে পারেন, তিনি একজন অভিনেত্রী এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এরপর তাঁকে বিশেষ সম্মান জানানোর পাশাপাশি তাঁর আসনও পরিবর্তন করে দেওয়া হয়।
সুনেরাহ্র ভাষায়, এসব ঘটনা একজন অভিনেত্রী হিসেবে তাঁর প্রাপ্তির খাতা আরও সমৃদ্ধ করেছে।
আগামী ১২ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে শেষবারের মতো অংশ নেবেন সুনেরাহ্। এরপর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
নিজের সিনেমা পুরস্কার পেতে পারে—এমন আশাও প্রকাশ করেছেন অভিনেত্রী। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।