কানাডায় ছেলে অনীকের সঙ্গে সময় কাটাতে গিয়ে পুরোনো পারিবারিক সম্পর্কের মানুষদের সঙ্গেও আনন্দঘন সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা ববিতা। এরই মধ্যে প্রয়াত নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পী ও তার পরিবারের সঙ্গে দেখা হয়েছে এই অভিনেত্রীর। শুধু ঘরোয়া আড্ডাই নয়, বাপ্পীর সঙ্গে করেছেন দীর্ঘ ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণও।
ববিতা জানান, তাকে নিয়ে ১৮ ঘণ্টা গাড়ি চালিয়ে কুইবেকে যান বাপ্পী। সেখানে ঘোরাঘুরি শেষে তারা পাড়ি দেন গেসপারের পথে। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়—প্রকৃতির এমন অপরূপ বৈচিত্র্য মুগ্ধ করেছে বরেণ্য এই অভিনেত্রীকে। এরপর আরও ১৮ ঘণ্টার পথ পাড়ি দিয়ে তারা ফিরে আসেন।
দীর্ঘ এই যাত্রাপথে গল্প, স্মৃতিচারণ আর আনন্দেই কেটেছে সময়। ববিতা বলেন, ‘সমুদ্রের ঢেউয়ের শব্দ এখনো কানে বাজে। সমুদ্রের কাছে প্রচণ্ড ঠাণ্ডা ছিল। তারপরও সবাই মিলে খুব উপভোগ করেছি। যেতে যেতে কত গল্প করেছি, ফেরার সময়ও গল্প করতে করতে ফিরেছি।’
বাপ্পীর সঙ্গে ববিতার সম্পর্ক দীর্ঘদিনের পারিবারিক। প্রতিবছর ববিতা কানাডায় যাওয়ার আগে বাপ্পী ফোন করে তার আসার সময় জানতে চান। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বাপ্পীর দুই সন্তানও দাদাভাই রাজ্জাককে নিয়ে নানা গল্প শুনতে আগ্রহী। তাদের সঙ্গে আড্ডায় পুরোনো দিনের স্মৃতির ঝাঁপি খোলেন ববিতা। রাজ্জাকের বিপরীতে অভিনয় এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজের অভিজ্ঞতাও সন্তানদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বাপ্পীর বাসায় কয়েক দিন কাটানোর পর আবার ছেলে অনীকের কাছে ফিরবেন ববিতা। আগামী নভেম্বরে দেশে ফেরার আশা করছেন এই অভিনেত্রী।