সংগীতের রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের বিস্ফোরক মন্তব্য ঘিরে এবার উত্তপ্ত বলিউডের সংগীতাঙ্গন। রিয়্যালিটি শো ‘স্ক্রিপটেড’—সুনিধির এমন দাবির বিরোধিতা করে পাল্টা মন্তব্য করেছেন নেহা কাক্কর। আর সুনিধিকে ইঙ্গিত করে দেওয়া নেহার মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
সম্প্রতি শেখর সুমন ও রাজ শামানির সঙ্গে এক আড্ডায় রিয়্যালিটি শোয়ের নানা অন্দরমহলের কথা তুলে ধরেন সুনিধি চৌহান। তার দাবি, বর্তমানে এসব শোতে প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে অবাধে অটোটিউনের ব্যবহার হচ্ছে। এমনকি টিআরপি বাড়াতে দর্শকদের আবেগকেও কাজে লাগানো হয় বলে অভিযোগ করেন তিনি।
সুনিধির আরও দাবি, অনেক সময় শোয়ের নির্মাতারা বিচারকদের নির্দিষ্ট প্রতিযোগীকে প্রশংসা করার জন্য নির্দেশ দেন। এসব কারণেই রিয়্যালিটি শোয়ের বিচারকের আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলেও জানান তিনি।
সুনিধির এমন বক্তব্যের পরই পাল্টা অবস্থান নেন নেহা কাক্কর। রিয়্যালিটি শোয়ের টিআরপি কমে যাওয়া প্রসঙ্গে নিজের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন এই গায়িকা।
নেহার ভাষ্য, তিনি যখন রিয়্যালিটি শোতে ছিলেন, তখন টিআরপি ছিল তুঙ্গে। তিনি কাজ করা বন্ধ করার পরই শোগুলোর টিআরপি কমেছে বলেও দাবি করেন নেহা।
সুনিধির নাম সরাসরি উল্লেখ না করে নেহা বলেন, কেউ যা খুশি বলতে পারেন, কিন্তু রিয়্যালিটি শো কোনোভাবেই স্ক্রিপটেড নয়। এরপরই সুনিধির বক্তব্যকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আঙুর না পেলে আঙুর ফল টক।’
নেহা আরও বলেন, কেউ যখন নিজের মনের মতো কিছু পান না, তখন সেটিকে খারাপ বলে মনে হতে পারে। পাশাপাশি কোনো প্রতিযোগীর জীবনের গল্প শুনে তিনি আবেগপ্রবণ হলে সেটি সম্পূর্ণ স্বাভাবিক ও সত্যিকারের অনুভূতি বলেও দাবি করেন।
তবে নেহার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেক নেটিজেন সুনিধি চৌহানের মতো দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শিল্পীকে ইঙ্গিত করে এমন মন্তব্য করায় নেহার সমালোচনা করছেন।
একজন নেটিজেন নেহার মন্তব্যকে ‘অহংকার ও ভ্রান্ত ধারণা’ বলে আখ্যা দিয়েছেন। অন্য একজন মন্তব্য করেছেন, সুনিধি চৌহান ভারতের অন্যতম সেরা লাইভ পারফর্মার এবং তাকে এভাবে কটাক্ষ করা অপমানজনক।
তবে সমালোচনায় থেমে নেই নেহা কাক্কর। বিতর্কের মধ্যেই নিজের নতুন শোর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়িকা।