গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বাদ জোহর উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া মাদরাসা প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনোয়ার হোসেন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মনোয়ার হোসেন চৌধুরীর জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে গাইবান্ধা-৪ আসন থেকে দলীয় প্রতীক নৌকা নিয়ে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রাজনীতির পাশাপাশি সরকারি প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গোবিন্দগঞ্জসহ গাইবান্ধা জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।