আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নৌপরিবহন মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ভোলা দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। ভোলার সঙ্গে সরাসরি স্থল যোগাযোগ স্থাপনে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে স্থায়ী সড়ক যোগাযোগের আগে ভোলার মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা-ইলিশা নৌপথে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
তিনি জানান, গত ২৭ আগস্ট থেকে এ রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে চলাচল করছে। কাঁচপুর থেকে ইলিশা যেতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।
পরীক্ষামূলক ফেরি সার্ভিস চালুর পর যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এ কারণে ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।
ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিস নিয়েও সরকার কাজ করছে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এসব নৌসেবা আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে নৌযান চলাচল, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এসব রুট আরও জনপ্রিয় হবে। এতে লোকসানও কমানো সম্ভব হবে।
সড়ক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মো. রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী এবং পরিচালক (অর্থ) শেখ মো. নাসিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনার লক্ষ্যে চালু হওয়া ঢাকা-ইলিশা সরাসরি ফেরি সার্ভিস ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করবে। এর ফলে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।