কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার শ্যালক, তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় এ অভিযান চালানো হয়। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সৌমেন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পুলিশ কর্মকর্তা শহীদের শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা এবং তাঁদের এক সহযোগী। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যেই তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন।
তবে পুলিশ কর্মকর্তা শহীদ নিজে মাদক কারবারের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেনি ডিএনসি। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।