পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ঝালকাঠি গড়ার লক্ষ্যে নাগরিকসেবা সহজীকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করেছে ঝালকাঠি পৌরসভা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এসব কার্যক্রমের উদ্বোধন ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভা থেকে দেওয়া নাগরিক সনদ এখন শতভাগ অনলাইনে প্রদান করা হবে। পাশাপাশি পৌর এলাকার ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। প্রতিটি বক্সে স্যাভলন, স্যাভলন ক্রিম, ডিজিটাল থার্মোমিটার, তুলা, গজ, নাপা ট্যাবলেট ও খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী রাখা হয়েছে।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মাঝে ড্রেস, গামবুট ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।
এ ছাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত ও মৃত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া লামগ্রান্ট ও আনুতোষিক বাবদ ১১ জনকে এককালীন মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকা প্রদান করা হয়েছে।
পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, নাগরিকসেবা সহজীকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণ নিশ্চিত করার মাধ্যমে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ঝালকাঠি গড়তে পৌরসভা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।