
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দর ০.৫৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ১৪ ডলারে ওঠে।
হরমুজ প্রণালিতে সামরিক সংঘাতের বিস্তার নিয়ে বাজারে উদ্বেগের অন্যতম কারণ হলো, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই জলপথ। সেখানে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে চাপ তৈরি হতে পারে।
এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং অনুমোদিত পথের বাইরে চলাচল করা তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তাদের বাহিনী। তেহরানের ভাষ্য, এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিন্ন। ওয়াশিংটনের দাবি, ইরানের যুদ্ধজাহাজে হামলার জবাব হিসেবেই তারা ওই সামরিক অভিযান পরিচালনা করেছে।
দুই দেশের পালটাপালটি হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরই মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।