দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরের এ ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ

2026-09-06T16:25:16+00:00
2026-09-06T16:25:16+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরের এ ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা অভিযান চালাচ্ছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত ভবনটি হঠাৎ ধসে পড়ে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ছয়জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন এখনো আটকা পড়ে আছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, ভবনটি ধসে পড়ার সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোববার হওয়ায় তাদের অনেকেই ওই সময় বাসায় ছিলেন।

দুর্ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি অনেকের বাঁচার আকুতি শুনেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির ধ্বংসস্তূপ ঘিরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। একটি ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকে থাকতে দেখা যায়; তাকে উদ্ধারে একদল মানুষ স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আটকে পড়াদের দ্রুত ও নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করা স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, ভবনের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করে সাহায্য চেয়েছেন। এতে আরও অনেকে ভেতরে আটকা পড়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান তিনি।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং শিক্ষার্থীদের বসবাসের জন্য পরিচিত। ঘনবসতিপূর্ণ এ এলাকায় ভবন ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: