ক্রোয়েশিয়া সীমান্তের কাছে বসনিয়ার একটি এলাকায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টার সময় ২৩ বাংলাদেশিসহ ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন।
বসনিয়ার সীমান্ত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দেশটির উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। দুটি পৃথক দলে ভাগ হয়ে ওই অভিবাসনপ্রত্যাশীরা ক্রোয়েশিয়ার সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সীমান্ত পার হওয়ার আগেই তাদের হেফাজতে নেয় পুলিশ।
আটক প্রথম দলটিতে ছিলেন ৪০ পাকিস্তানি ও ২৩ বাংলাদেশি নাগরিক। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৩ জনকে আটক করা হয়। দ্বিতীয় দলটিতে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক ছিলেন।
পুলিশ জানিয়েছে, সীমান্ত পার হওয়ার পরিকল্পনায় সাভা নদী পাড়ি দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। এ জন্য রাখা দুটি নৌকাও জব্দ করা হয়েছে। পাশাপাশি মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়েছে।
ইউরোপে প্রবেশের অন্যতম প্রচলিত পথ হিসেবে পরিচিত বলকান রুট। বসনিয়ার মধ্য দিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করেন বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা।
ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বলকান রুটে ৪ হাজার ৯০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার এ ধরনের ঘটনা ২৬ শতাংশ কমেছে।
সূত্র: ডয়চে ভেলে