রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে গুদামটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাতারকুল এলাকায় ফার্নিচারের একটি গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিটের প্রয়োজন না হওয়ায় পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথ থেকেই ফিরে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।